সাপ্তাহিক ছুটি শেষে ফের প্রাণচাঞ্চল্যহীন মেলাপ্রাঙ্গন
- আপডেট সময়: ০৫:০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৩৪ টাইম ভিউ
শুক্র ও শনি দুইদিনের ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার অমর একুশে বইমেলা যেন আবার প্রাণচাঞ্চল্য হারিয়েছে। রোববার মেলায় ক্রেতা দর্শণার্থীর সংখ্যা ছিল খুবই কম। ফলে স্টলগুলোতে বিভিন্ন প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিদের অলস সময় কাটাতে দেখা গেছে। সন্ধ্যায় ইফতারের আগে মেলার দুই প্রাঙ্গন সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে নেমে এসেছিল অদ্ভুত নীরবতা।
এর আগেও বিভিন্ন বছর রোজার মাসে বইমেলা হয়েছে। তবে এবার যেন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মুক্তধারা প্রকাশনীর ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, এটি একেবারে আলাদা অভিজ্ঞতা। ইফতারের সময় হতে না হতেই মেলাপ্রাঙ্গণ প্রায় ক্রেতা-পাঠক শূন্য হয়ে যায়। ইফতারের কিছুক্ষণ আগেও যতটুকু প্রাণচাঞ্চল্য ছিল, পরে সেটাও থাকে না।
রোববার বিকেল ৫টার দিকে মেলায় গিয়ে দেখা যায়, লোকজন নেই বললেই চলে। বরং প্রতিটি স্টলেই চলছে ইফতারের প্রস্তুতি। নিরাপত্তাকর্মী, বিক্রয় প্রতিনিধি, প্রকাশক, দর্শনার্থী-সবার মধ্যেই তখন যেন অন্যরকম ব্যস্ততা।
মেঘদূত প্রকাশনের বিক্রয় প্রতিনিধি মারুফ হাসান লিয়ন জানান, ইফতারের সময়ও যদি কোনো ক্রেতা-পাঠক এসে পড়েন, তাকে আমরা অতিথি হিসেবেই গ্রহণ করি। অনেক সময় লেখক কিংবা পাশের স্টলের প্রকাশকরাও এসে আমাদের সঙ্গে ইফতার করেন। মেলামাঠ তখন নীরব হলেও একটা আনন্দ কাজ করে।
মাতৃভাষা প্রকাশের বিক্রয় প্রতিনিধি আফরিন জানান, তাদের স্টলে পালা করে দায়িত্ব পালন করা হয়। দুজন স্টলে থাকে, বাকিরা ইফতার ও মাগরিবের নামাজ সেরে আসে। প্রায় সব স্টলেই এমন ব্যবস্থা দেখা যায়।
সন্ধ্যায় যে ক’জন ক্রেতা-দর্শনার্থী থাকেন তাদের মনোযোগও যেন ইফতারের দিকে থাকে। সাড়ে ৫টার দিকে তথ্যকেন্দ্র থেকে ইফতার ও নামাজের বিরতির ঘোষণা ভেসে আসে। এরপর সোহরাওয়ার্দী উদ্যানের পথ ধরে দেখা যায় নানা বয়সী মানুষ হাতে ইফতার সামগ্রী নিয়ে আবার মেলায় ফিরছেন।
সেবা প্রকাশনীর ব্যবস্থাপক আবদুস সালাম জানান, রোজার কারণে দর্শণার্থীর ভিড় মূলত দুপুর ৩টা থেকে বিকেল ৫টার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ইফতার ও নামাজ মিলিয়ে প্রায় এক ঘণ্টা চলে যায়। এরপর আমরা স্টলের হিসাব-নিকাশ আর আনুষঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ি। তারাবিহর সময় হলে ভিড় আবার কমে যায়।
মেলায় আসা পাঠকদের কাছেও এই অভিজ্ঞতা নতুন মাত্রা যোগ করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সায়েম জামান জানান, রোজার বিকেলে ভিড় কম থাকায় বই দেখার সুযোগ বেশি পাওয়া যায়। ইফতারের আগে সোহরাওয়ার্দী উদ্যানে এক ধরনের নীরবতা নেমে আসে ।
মূলমঞ্চের আয়োজন ও নতুন বই
রোববার মেলার তথ্যকেন্দ্রে জমা পড়েছে ৪২টি নতুন বই। উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে-মোহিত কামালের ‘মনোজগত ও সাহিত্য’ (কথাপ্রকাশ), ‘বনি ইসরায়েল: উত্থান-পতন ও বিশ্ব রাজনীতি’ (ঐতিহ্য) এবং সৈয়দ মনজুরুল ইসলামের ‘অন্ধকার ও আলো দেখার গল্প’ (পাঠক সমাবেশ)।
বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন নাসিমুল খবির। আলোচনায় অংশ নেন আইভি জামান এবং সভাপতিত্ব করেন লালারুখ সেলিম। ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজের বই নিয়ে কথা বলেন এবিএম সোহেল রশিদ। পরে সাংস্কৃতিক আয়োজনে ছিল কবিতা আবৃত্তি ও সঙ্গীত।
সোমবারের আয়োজন
সোমবার অংশ নেবেন পারভেজ হোসেন এবং সভাপতিত্ব করবেন সফিকুন্নবী সামাদী।




