গাইবান্ধায় পক্সে আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
- আপডেট সময়: ০২:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১১০ টাইম ভিউ
:
গাইবান্ধা সদর উপজেলায় পক্স রোগে আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই সঙ্গে তার পরিবারের আরও কয়েকজন সদস্য এ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
নিহত ইতিশ চন্দ্র দাস সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী বোডঘর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং প্রাণবন্ধু চন্দ্র দাসের ছেলে। তিনি খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি পক্সে ভুগছিলেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। তবে রোববার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে তার স্ত্রী অর্চনা রানী, বড় ছেলে প্রিমল দাস এবং ছোট ছেলে অর্মীত দাস (৭) সহ পরিবারের আরও সদস্য একই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের চিকিৎসা চলছে।
গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পক্সজনিত কারণেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।




