রাজশাহীতে আ.লীগের ব্যানার পোড়াল স্বেচ্ছাসেবক দল
- আপডেট সময়: ০৪:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৫ টাইম ভিউ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেঙে গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর কার্যালয়ের সামনে একটি ব্যানার টানানো। এতে লেখা– ‘বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয় শুভ উদ্বোধন করা হলো’। শনিবার দুপুরে সেই ব্যানার নামিয়ে পুড়িয়ে দেয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুবার রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ করে একটি ব্যানার ঝুলতে দেখা যায়। জানাজানির পর দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে গিয়ে ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন দেয়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, ব্যানার টানানোর ঘটনা দুপুরে শুনেছি। কারা যেন ব্যানারটা টানিয়েছিল। পরে আবারও কারা যেন খুলে পুড়িয়ে দিয়েছে। রাতের আঁধারে ব্যানারটি টানিয়ে রাখা হতে পারে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।
