নারায়ণগঞ্জের আইভী ও কক্সবাজারের বদির জামিন
- আপডেট সময়: ০৭:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬ টাইম ভিউ
হত্যাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। এর আগে আরও পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন আইভী। আপিল বিভাগ সেই জামিন স্থগিত করায় জামিন মেলেনি।
আদেশের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু সমকালকে বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার তিন মামলা ও ফতুল্লা থানার দুই মামলায় হাইকোর্ট ছয় মাসের জামিন দিয়েছেন। এর মধ্যে চারটি হত্যা ও একটি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ। তাঁর বিরুদ্ধে আরও পাঁচ মামলায় জামিন স্থগিত থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না আইভি।
গত বছরের ৯ মে আইভীকে নারায়ণগঞ্জে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। পরে পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠান। পরে তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
কক্সবাজারের সাবেক এমপি বদির জামিন
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সহিংসতার ঘটনায় করা মামলায় কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তাঁকে ছয় মাসের জামিন দেন।
বদির পক্ষে শুনানি করেন আইনজীবী পূর্ণিমা জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ মামলায় বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা জামিনের বিরোধিতা করেছিলাম। হাইকোর্ট জামিন দিয়েছেন। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’
২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে বদিকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করার কথা জানায় র্যাব।




